About School

Welcome to

Savar Ideal Madrasah

আমাদের কথা

আসসালামু আলাইকুম,

শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সমাজের ভবিষ্যৎ কর্ণধার শিশু-কিশোর ও যুব সমাজকে আদর্শ মানুষরূপে গড়ে তোলা। আর আদর্শ মানুষ তৈরী করতে হলে ওহীর জ্ঞানের বিকল্প নেই। প্রচলিত শিক্ষার সাথে ওহীর জ্ঞানের সমন্বয় সাধন করে বৈশ্বিক জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করার যোগ্যতা সম্পন্ন সুনাগরিক তৈরী করার স্বপ্নকে সামনে রেখে সাভার আইডিয়াল মাদরাসার যাত্রা শুরু।

আর এ স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন শিক্ষার সুন্দর পরিবেশ, শিক্ষার্থীর একান্ত ইচ্ছা ও দক্ষ শিক্ষকমন্ডলীর নিবিড় তত্ত্বাবধান এ তিনটি বিষয়ের সমন্বয় সাধন করে শিক্ষার সামগ্রীক পরিবেশ নিশ্চিত করতে আমাদের পরিচালনা পর্ষদ ও শিক্ষকমন্ডলী বদ্ধ পরিকর।

একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করে তার প্রাথমিক শিক্ষার উপর। কেননা এর উপর ভিত্তি করেই নির্ধারিত হয় যে, সে উচ্চ শিক্ষা অর্জন করতে পারবে কি পারবে না। তাই প্রাথমিক শিক্ষাটাই প্রত্যেক শিক্ষার্থীর জন্য টার্নিং পয়েন্ট। এ সময়ে আপনার সন্তানকে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে মাদরাসা শিক্ষার বিকল্প নেই।

একটা সময় ছিল যখন মাদরাসায় পড়ে মসজিদের ইমাম ও মাদরাসার খেদমত ব্যতীত তেমন কোন স্বপ্ন লালন করতে পারতো না কিন্তু বর্তমানে মাদরাসায় পড়ালেখা করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে উচ্চতর ডিগ্রী অর্জন করছে। এতে করে ইসলামিক স্কলার, দায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার এমনকি দেশের সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনেও ভূমিকা রাখছে। বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলামে ধর্মীয় শিক্ষার কাঙ্ক্ষিত মান তেমন চোখে পরে না। যে জাতির শিক্ষা পদ্ধতিতে ঐ জাতির অধিকাংশ মানুষের বিশ্বাসের প্রতিফলন ঘটে না, সে জাতি আত্ম-পরিচয় নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজ তাই সভ্যতার ক্রমবিকাশ ও তথ্য প্রযুক্তির এ চরম উৎকর্ষের যুগে ইলমে দ্বীন অর্জনের পাশাপাশি একজন শিক্ষার্থীর যোগ্য ও সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করা অপরিহার্য।

বর্তমানে আমাদের কিশোর ও যুব সমাজ চরম নৈতিক অবক্ষয়ের তলদেশে নিমজ্জিত। কোন অভিভাবকই তার সন্তানের নৈতিক অবক্ষয় কামনা করেন না। আধুনিক শিক্ষার পাশাপাশি সন্তানকে কুরআন শিখানো প্রত্যেক পিতা/মাতার উপর ফরজ বা অবশ্য কর্তব্য। তবে অনেক অভিভাবকের ধর্মীয় শিক্ষার প্রতি অনিহা তার কলিজার টুকরা সন্তানকে নৈতিক অবক্ষয়ের অতল গহ্বরে পতিত করেছে।

আমরা মনে করি, কুরআনের শিক্ষাই ক্রমবর্ধমান সামাজিক অবক্ষয় প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। আসুন আমরা নিজে এবং আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় গড়ে তুলি। অন্তত সন্তানদের প্রাথমিক শিক্ষার জন্য এমন শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করি যেখানে কুরআনের চর্চা হয়। আমরা নিজেরা অবক্ষয় থেকে বাঁচি, আমাদের সন্তানদেরকে বাঁচাই এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।

পরিশেষে সকল শিক্ষার্থীদের প্রতি রইলো আমাদের আন্তরিক দোয়া ও শুভেচ্ছা। তোমাদের পদভারে মুখরিত হোক আইডিয়াল চত্বর। আমরা প্রত্যাশা করি ছাত্র-শিক্ষক, অভিভাবক এবং সাভার আইডিয়াল মাদরাসার পরিচালনা পরিষদ ও শুভাকাঙ্খী সকলের আন্তরিক সহযোগিতায় আলোকিত সমাজ বিনির্মাণে সাভার আইডিয়াল মাদরাসা দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করবে। মহান আল্লাহ আমাদের যাবতীয় প্রচেষ্টাকে পরকালে মুক্তির উছিলা হিসেবে কবুল করুন, আমিন।